মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। প্রথম দিনেই রেকর্ড গড়ার পর দ্বিতীয় দিনেও সেই গতি ধরে রেখেছে বিজয় সালগাঁওকরের গল্পের এই শেষ অধ্যায়। মাত্র দুই দিনেই ভারতে নিট আয়ের হিসাবে ১০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে সিনেমাটি।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা পর্যন্ত পাওয়া হিসাবে দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ২১২টি শো থেকে ৫২ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ৩’। ফলে দুই দিনে ভারতে সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১১৩ কোটি রুপি।

মাত্র দুই দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে ‘দৃশ্যম ৩’ পেছনে ফেলেছে সালমান খানের ‘সিকান্দার’-এর মোট ভারতীয় নিট আয়ও। ‘সিকান্দার’ ভারতে নিট ১০৪ কোটি রুপি আয় করেছিল।

চলতি বছর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর কোনো হিন্দি সিনেমার দ্বিতীয় সেরা উদ্বোধনী সপ্তাহান্তের ব্যবসা করেছে ‘দৃশ্যম ৩’। বলিউডের ইতিহাসেও ‘ধুরন্ধর ২’ ও ‘জওয়ান’-এর পর তৃতীয় দ্রুততম সূচনা হিসেবে জায়গা করে নিয়েছে ছবিটি।

প্রথম দুই দিনের আয়ের হিসাবেও বেশ কয়েকটি বড় সিনেমাকে পেছনে ফেলেছে ‘দৃশ্যম ৩’। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ৩০ কোটি, শাহরুখ খানের ‘পাঠান’ ৫৭ কোটি এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ৬৩ কোটি রুপি আয় করেছিল প্রথম দুই দিনে। সেই তুলনায় ১১৩ কোটি রুপির নিট সংগ্রহ নিয়ে এগিয়ে রয়েছে অজয় দেবগনের সিনেমাটি।

অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটিতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে রয়েছেন তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ঈশিতা দত্ত, মৃণাল যাদব, কমলেশ সাওয়ান্ত ও দ্বিতীয় পর্বের পরিচিত মুখ সৌরভ শুক্লা।

মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে শুরু হয়েছিল ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা। প্রথম পর্ব বিশ্বজুড়ে প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার সাফল্য পায়।

স্টার স্টুডিও১৮ ও প্যানোরামা স্টুডিওসের প্রযোজনায় তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। মুক্তির প্রথম দুই দিনের আয়ই ইঙ্গিত দিচ্ছে, আগের সাফল্য ছাড়িয়ে নতুন রেকর্ডের পথে এগোচ্ছে ‘দৃশ্যম ৩’।