বলিউডের জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় ও চূড়ান্ত পর্ব ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর ট্রেইলার প্রকাশিত হয়েছে। ট্রেইলার প্রকাশের পর থেকেই অজয় দেবগন ও জয়দীপ অহলাওয়াতের মুখোমুখি লড়াই এবং টানটান উত্তেজনাময় ট্রেইলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

অভিষেক পাঠক পরিচালিত এই সিনেমায় বিজয় সালগাঁওকরের (অজয় দেবগন) পরিবারকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে দেখা যাবে। ট্রেইলারের শুরুতে টাবু ও সৌরভ শুক্লার চরিত্রের কথোপকথনে উঠে আসে বিজয়ের পরবর্তী পদক্ষেপের অনিশ্চয়তা। এবার বিজয়কে কাবু করতে এবং অপরাধের রহস্য উদঘাটন করতে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ কর্মকর্তা রাজবীর সিং তোমারের চরিত্রে আত্মপ্রকাশ করেছেন জয়দীপ অহলাওয়াত। যেকোনো মূল্যে পরিবারকে সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া বিজয়ের সঙ্গে তাঁর নাটকীয় মুখোমুখি সংঘর্ষ পুরো সিনেমায় চরম উত্তেজনা তৈরি করার ইঙ্গিত দিচ্ছে।

অভিষেক পাঠক, আমিল কিয়ান খান ও পারভেজ শেখের চিত্রনাট্যে নির্মিত এই থ্রিলারে অজয় দেবগন ও জয়দীপ অহলাওয়াত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া সরন, প্রকাশ রাজ, রজত কাপুর, ইশিতা দত্ত ও মৃণাল যাদব। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি সালগাঁওকর পরিবারের অপরাধ ঘিরে তৈরি হওয়া দীর্ঘদিনের রহস্যের চূড়ান্ত সমাপ্তি টানবে বলে আশা করছেন দর্শক।