বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী প্রেমের গানের মধ্যে প্রথম সারিতেই থাকবে ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য গাওয়া এই গান আজও শ্রোতার আবেগ, স্মৃতি ও ভালোবাসার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এবার দীর্ঘ ৪৪ বছর পর গানটি নতুনভাবে ফিরে আসছে পর্দায়। সবচেয়ে বড় চমক, নতুন সংস্করণেও কণ্ঠ দিয়েছেন দেশের সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গানটি ব্যবহৃত হচ্ছে আসন্ন সিনেমা ‘দম’-এ।
গত ১১ মার্চ রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ডিং করা হয় গানটির নতুন সংস্করণ। মূল গানের আবহ ও আবেদন ধরে রেখে এতে নতুন কিছু কথা যুক্ত করেছেন তন্ময় পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মোমিন বিশ্বাস।
মূল ‘এই মন তোমাকে দিলাম’ গানের কথা লিখেছিলেন গীতিকার, সুরকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে ‘দম’ সিনেমার সংস্করণ।
রেকর্ডিংয়ের সময় সাবিনা ইয়াসমীন বলেন, ‘নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। নতুনদের সঙ্গে কাজ করতে সবসময়ই আনন্দ লাগে।’ এছাড়া তিনি ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরীর অভিনয়ের প্রশংসা করেন।
নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘“দম” সিনেমায় এমন একটি গান রাখার ইচ্ছা ছিল যা সব ধরনের অনুভূতিকে স্পর্শ করবে। “এই মন তোমাকে দিলাম” এখন আর শুধু গান নয়, এটি জাতির অনুভূতি, স্মৃতি, ভালোবাসা, আনন্দ ও বেদনার সঙ্গে জড়িয়ে আছে।’
গানের ব্যবহার নিয়ে গাজী মাজহারুল আনোয়ারের পরিবারেরও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাঁর ছেলে সরফরাজ আনোয়ার ও মেয়ে দিঠি আনোয়ার আনন্দের সঙ্গে সিনেমাটিতে গান ব্যবহারের অনুমতি দিয়েছেন।
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে আবারও গানটি শুনে আবেগাপ্লুত দিঠি আনোয়ার বলেন, ‘সাবিনা ইয়াসমীন সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি। বাবার লেখা গানগুলোর মধ্যে বেশিরভাগই তিনি গেয়েছেন। আজ আবার তাঁর কণ্ঠে গানটি শুনে সেই আগের আবহ ফিরে এসেছে।’
সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি বলেন, ‘যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সাবিনা ইয়াসমীন যখন বললেন গানটি ভালো লেগেছে, সেটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।’
ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ‘দম’। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।