জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের খবরের পর এবার তাদের সম্পর্কের অন্ধকার দিক তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। বর্তমানে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে আলোচনায় থাকা এই অভিনেত্রী অভিযোগ করেছেন, তারকা র্যাপার বাদশার কাছ থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতারিত হয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, রিয়্যালিটি শো-র সাম্প্রতিক একটি পর্বে সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে এক আন্তরিক কথোপকথনে নিজের এই ভাঙা সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন ঈশা। সম্পর্কের প্রতারণা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি শারীরিক ও মানসিক সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছেন। তাঁর দাবি, বাদশা সম্পর্কে থাকতে চাইলেও কখনো সেই সম্পর্কের ন্যূনতম দায়িত্ব নিতে চাননি এবং তাঁকে ভালোবাসার ছলে বোকা বানিয়ে রেখেছিলেন।
নিজের প্রাক্তন সঙ্গীর মানসিকতার কঠোর সমালোচনা করে ঈশা আরও জানান, বাদশা তাঁকে কখনো নিজের বন্ধু বা পরিচিত পরিমণ্ডলে নিয়ে যাননি, বরং একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। নিজের সুবিধার জন্য তিনি মানুষকে ব্যবহার করেন কিন্তু বিনিময়ে কোনো দায়িত্ব নিতে নারাজ এমন অভিযোগ এনে পঞ্জাবি এই অভিনেত্রী মন্তব্য করেন, সম্পর্কটা শেষ হওয়ার পরেই তিনি বুঝতে পেরেছেন যে এতদিন তাঁর সাথে শুধু একটা খেলা চলছিল।