দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরছে আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথম সিজন মুক্তির পর থেকেই দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন দর্শকেরা। এবার জানা গেছে, ২০২৬ সালেই চরকিতে মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় সিজন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের জন্য রয়েছে বিশেষ খবর। ঢাকা পোস্টকে চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের কিস্তিতেই ‘ফেউ’-এর গল্পের সমাপ্তি ঘটবে। অর্থাৎ, দর্শকেরা এবার কাহিনির পূর্ণাঙ্গ পরিণতি দেখতে পাবেন। তবে দর্শকদের সাড়া বিবেচনায় ভবিষ্যতে সিরিজটির আরও সিজন নির্মাণের পরিকল্পনাও থাকতে পারে।

১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে ‘ফেউ’ নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। সিরিজটির প্রথম সিজনে দেশভাগ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পেরিয়ে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের ওপর নির্যাতন, উচ্ছেদ ও হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

সেই ভয়াবহতার সত্য ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে নিখোঁজ হন রেভারেন্ড ফটোগ্রাফার সুনীল। দুই যুগ পর বাবার তোলা কিছু ছবির সন্ধানে নেমে ড্যানিয়েল জানতে পারে, সুনীলের মৃত্যু নিয়ে প্রচলিত কাহিনির আড়ালে রয়েছে অন্য রহস্য। বাবার প্রকৃত পরিণতি অনুসন্ধানের মধ্য দিয়ে এগিয়ে যায় সিরিজটির গল্প।

২০২৫ সালের ৩০ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’-এর প্রথম সিজন। সে সময় জানানো হয়েছিল, দুই সিজনের শুটিং একটানা সম্পন্ন হয়েছে এবং প্রথম সিজন মুক্তির কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সিজন প্রকাশের পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়ে সেটি মুক্তি পায়নি। দীর্ঘ বিরতির পর এবার দ্বিতীয় সিজনের মুক্তির খবর সামনে এল।

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু ও এ কে আজাদ সেতুসহ অনেকে।