এমিলি হেনরির জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমা ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ সম্প্রতি মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহেই নেটফ্লিক্সের ইংরেজি সিনেমার তালিকায় ১ নম্বরে উঠে আসা এই চলচ্চিত্রটি ইতোমধ্যে ছাড়িয়ে গেছে ৪ কোটি ৫ লাখ ভিউয়ের মাইলফলক। সম্পর্কের জটিলতা, ভ্রমণ আর মিষ্টি প্রেমের মিশেলে নির্মিত সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

গল্পের কেন্দ্রে রয়েছে দুই বিপরীত স্বভাবের বন্ধু পপি রাইট ও অ্যালেক্স নিলসেন। পপি প্রাণচঞ্চল ও স্বাধীনচেতা, অন্যদিকে অ্যালেক্স নিয়মানুবর্তী ও গোছানো। বিপরীত ব্যক্তিত্ব সত্ত্বেও তাদের এক দশকের বন্ধুত্বে প্রতি গ্রীষ্মে এক সাথে ঘুরতে যাওয়ার এক দারুণ ঐতিহ্য গড়ে ওঠে। বার্সেলোনা থেকে নিউ অরলিন্স প্রতিটি ভ্রমণ তাদের সম্পর্কের নতুন নতুন দুয়ার খুলে দেয়। তবে দীর্ঘদিনের অঘোষিত ভালোবাসাকে স্বীকার করা নাকি বন্ধুত্ব টিকিয়ে রাখা এই দ্বন্দ্বে মোড়ানো তাদের গল্পই ব্রেট হ্যালির পরিচালনায় পর্দায় চমৎকারভাবে উঠে এসেছে।

ছবিটিতে পপি চরিত্রে এমিলি বেডার এবং অ্যালেক্স চরিত্রে টম ব্লাইথ দুর্দান্ত অভিনয় করেছেন। তাঁদের চমৎকার কেমিস্ট্রি সিনেমাটির মূল আকর্ষণ হয়ে উঠেছে। এ ছাড়া সারাহ ক্যাথরিন হুক, জামিলা জামিল, ও মলি শ্যাননের মতো শিল্পীদের উপস্থিতি সিনেমাটিকে আরও প্রাণবন্ত করেছে। রটেন টমেটোজে ৭৮ শতাংশ স্কোর পাওয়া এই সিনেমাটি প্রমাণ করে যে, বিশ্বজুড়ে হাই-বাজেট অ্যাকশন কিংবা ডার্ক থ্রিলারের ভিড়ে দর্শকেরা এখনো সহজ ও সুন্দর অনুভূতির প্রেমের গল্পের জন্য জায়গা প্রস্তুত রাখেন।