ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেন ফাইনালকে ঘিরে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ও কনসার্ট। ফুটবল উন্মাদনার এই রাতে দর্শকদের জন্য থাকছে বড় পর্দায় ম্যাচ দেখার পাশাপাশি দেশি-বিদেশি শিল্পীদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা। দুটি পৃথক আয়োজনে অংশ নেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডায় বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত বিশ্বকাপ ফ্যান ফেস্টেও অংশ নিয়ে দর্শকদের মাতিয়েছেন তিনি। সেই বিশ্বকাপ সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন এই শিল্পী।
এরই মধ্যে সঞ্জয় দেব ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। আসন্ন কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতার পর এবার ঢাকায় পারফর্ম করতে পেরে তিনি বিশেষভাবে আনন্দিত। কারণ, এই শহর থেকেই তার সংগীতযাত্রার শুরু।
ঢাকার আয়োজনে সঞ্জয় দেবের সঙ্গে আরও পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। আয়োজকদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে সানফ্রান্সিসকোতে তার আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামে আরেকটি আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে। এখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে লাইভ কনসার্টের আয়োজন। এ অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
প্রীতম হাসানের সঙ্গে এই আয়োজনে আরও পারফর্ম করবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম। ১৯ জুলাই রাত থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন, যেখানে ফুটবল ও সংগীতপ্রেমীরা একসঙ্গে উপভোগ করতে পারবেন বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ এবং তারকাদের পরিবেশনা।
ফুটবলপ্রেমীদের জন্য তাই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের রাতটি শুধু খেলার উত্তেজনাতেই সীমাবদ্ধ থাকছে না; বরং সংগীত, বিনোদন এবং উৎসবমুখর পরিবেশে পরিণত হতে যাচ্ছে এক স্মরণীয় অভিজ্ঞতায়।