তারকাদের ঝলমলে জীবন, খ্যাতি ও মোটা অঙ্কের পারিশ্রমিক দেখে অনেকেরই মনে হতে পারে, ক্যারিয়ারের শুরুটাও বুঝি ছিল একই রকম রাজকীয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। আজকের জনপ্রিয় অনেক তারকার ক্যারিয়ার শুরু হয়েছে খুব সামান্য পারিশ্রমিক দিয়ে। কেউ পেয়েছেন মাত্র ১০ টাকা, কেউ ১১১১ টাকা। আবার কেউ প্রথম কাজেই পেয়েছেন লাখ টাকা।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারকারা মজার ছলে জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর সেই দিনগুলোর কথা। তাদের কাছে প্রথম পারিশ্রমিক শুধু অর্থের অঙ্ক নয়, বরং ক্যারিয়ারের প্রথম সাফল্য ও আবেগের স্মৃতি। দেশের আলোচিত পাঁচ তারকার প্রথম পারিশ্রমিকের গল্প জেনে নেওয়া যাক।

১. কবরী

ঢাকাই চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরীর অভিনয়জীবনের শুরু সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে। তখন চট্টগ্রামে থাকতেন তিনি। বাবা ও বোনের সঙ্গে ঢাকায় এসে অডিশন দেওয়ার পর ১৯৬৪ সালে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন কবরী।

কালজয়ী এই সিনেমায় অভিনয়ের জন্য প্রথম পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছিলেন ১ হাজার ১১১ টাকা। সেই পুরো টাকাই বাবার হাতে তুলে দিয়েছিলেন অভিনেত্রী।

২. রোজিনা

অভিনয়ের ইচ্ছা থাকলেও হঠাৎ করেই চলচ্চিত্রে পা রাখবেন, এমনটা ভাবেননি রোজিনা। একবার ঘুরতে গিয়ে সংসদ ভবন এলাকায় একটি সিনেমার শুটিং দেখতে পান তিনি। সেখানেই পরিচালক তাকে ছোট একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।

পরিচালক ও আশপাশের মানুষের অনুরোধে রাজি হয়ে যান রোজিনা। মেকআপ ও পোশাক পরিয়ে তাকে একটি ছোট দৃশ্যে অভিনয় করানো হয়। সেটিই ছিল তার প্রথম অভিনয়।

সেই কাজের জন্য পারিশ্রমিক হিসেবে রোজিনা পেয়েছিলেন মাত্র ১০ টাকা। পরে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সে সময় ওই ১০ টাকাও তার কাছে অনেক বড় অঙ্কের মনে হয়েছিল।

৩. পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে। রোমান্টিক ঘরানার এই ছবিতে তার সহশিল্পী ছিলেন রিয়াজ।

ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই পূর্ণিমা পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১ লাখ টাকা। প্রথম উপার্জনের সেই পুরো অর্থ তিনি মায়ের হাতে তুলে দেন। শুরুর এই সাফল্য তার অভিনয়জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪. মেহেজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনয়জীবনের শুরুটাও চট্টগ্রাম থেকে ঢাকায় এসে। মাকে সঙ্গে নিয়ে তিনি প্রথম নাটকের শুটিংয়ে অংশ নেন। নাটকটির নাম ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’

নাটকটিতে তার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। শুটিংয়ের আগে তার অভিনীত কোনো নাটক দেখেননি মেহজাবীন। তবে বাবা-মায়ের কাছ থেকে তার জনপ্রিয়তার কথা শুনেছিলেন। ফলে প্রথম কাজ নিয়ে কিছুটা ভয় ও নার্ভাসনেস কাজ করছিল তার মধ্যে।

সেই প্রথম নাটকের জন্য মেহজাবীন পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১৫ হাজার টাকা

৫. কেয়া পায়েল

অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহ ছিল না কেয়া পায়েলের। শখের বশে একবার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিতে গিয়ে কয়েকজনের সঙ্গে পরিচয় হয় তার। এরপর অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন।

২০১৮ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কেয়া পায়েল। তার প্রথম নাটক ছিল ‘একটাই আমার তুমি’। মজার বিষয় হলো, প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। তার বিপরীতে ছিলেন আফরান নিশো।

সেই নাটকের জন্য কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা