নবীন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে স্ত্রী সুনীতা আহুজার কটাক্ষের জবাব দিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। সম্প্রতি সুনীতা প্রকাশ্যে স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলে মন্তব্য করেন। পাশাপাশি কোমলের সঙ্গে গোবিন্দের সম্পর্ক নিয়েও নানা ইঙ্গিত দেন তিনি। এতদিন নীরব থাকলেও এবার দীর্ঘ এক বিবৃতিতে স্ত্রীকে সতর্ক করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও অভিযোগের জবাবে গোবিন্দ সুনীতার মন্তব্যের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তাঁর সম্মান ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য না করার আহ্বান জানান।
বিবৃতিতে স্ত্রীকে উদ্দেশ করে গোবিন্দ বলেন, ‘বাইরে যে কাজগুলো আমি পাই, সেগুলো আমি করি না; আর যা আমি বর্তমানে করছি, সেখানেও আপনি হস্তক্ষেপ করছেন। যখন আপনার নিজের কাজ চলছিল সেটি আপনার রান্নার শো হোক কিংবা লকডাউনের দিনগুলো মেয়ে টিনাকে দিয়ে আপনি যেকোনোভাবে আমাকে সেই সব শোয়ে ডেকেছেন এবং আমার কাছ থেকে সহায়তা নিয়েছেন। যাই হোক, সেটি তো আপনার অধিকার ছিল।’
নতুন সিনেমার কাজের সময় তাঁকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন গোবিন্দ। তাঁর ভাষায়, ‘এখন আমি নতুন একটি ছবি শুরু করেছি। আর ঠিক এই সময়েই আপনি আমাকে মানুষের নজর থেকে নামিয়ে দিতে, বদনাম করতে এবং আমার এই কাজ বা ব্যবসা যাতে ক্ষতির মুখে পড়ে, তার জন্য কোনো চেষ্টাই বাকি রাখছেন না।’
কোমলকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, কোনো দরিদ্র পরিবার থেকে কেউ চলচ্চিত্রজগতে কাজ করতে এলে তাঁকে এভাবে অপমান বা বদনাম করা উচিত নয়, যাতে তিনি ভয় পেয়ে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে বাধ্য হন।
স্ত্রীর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে গোবিন্দ বলেন, ‘ঈশ্বর আপনাকে প্রভাব, শক্তি, খ্যাতি, সম্মান এবং ধন-সম্পদ সবই দিয়েছেন। তবে তার মানে এই নয় যে, যার কাছে এসব কম রয়েছে, আপনি তাকে প্রকাশ্যে অপমান করবেন।’
কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে সুনীতার প্রশ্নেরও জবাব দেন গোবিন্দ। তিনি বলেন, দেশের অনেক বড় তারকাই তাঁদের চেয়ে কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। এতে অভিনেত্রীরা ভালো কাজ ও সম্মান পেয়েছেন, পাশাপাশি তারকারাও পর্দায় তরুণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। তাঁর দাবি, ‘আপনি মূলত চান না যে আমাকে দর্শক তরুণ হিসেবে দেখুক।’
এদিকে স্ত্রীকে ঘিরে থাকা কোনো ‘গ্রুপ’ বা ‘গ্যাং’ এর ইঙ্গিতও দিয়েছেন গোবিন্দ। তিনি দাবি করেন, সুনীতার পেছনে সক্রিয় থাকা একটি পক্ষের বিষয়ে অনেকেই অবগত। খুব শিগগিরই সেই সত্য সবার সামনে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
সুনীতাকে ভবিষ্যতে তাঁকে প্রয়োজন হতে পারে উল্লেখ করে গোবিন্দ বলেন, ‘দয়া করে বিভিন্ন পডকাস্টে গিয়ে এভাবে আমাকে অপমান করা বন্ধ করুন এবং নিজের সীমার মধ্যে থাকুন। আপনার কাছে আমার এটাই বিনীত প্রার্থনা।’
সবশেষে সুনীতার ভাষা ব্যবহারেরও সমালোচনা করেন অভিনেতা। তাঁর অভিযোগ, সম্প্রতি স্ত্রী অতিরিক্ত গালিগালাজ করছেন। তরুণ প্রজন্ম তাঁর ভাষা অনুসরণ করতে পারে উল্লেখ করে গোবিন্দ বলেন, ‘দয়া করে এটা করবেন না। মাতৃস্থানীয় ও বোনদের প্রতি ব্যবহৃত সম্মানজনক শব্দগুলোকে আপনি খুব সস্তা বানিয়ে ফেলেছেন। আপনার থেকে এটা একেবারেই প্রত্যাশিত নয়।’
উল্লেখ্য, গোবিন্দ ও নবীন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে সাম্প্রতিক সময়ে একাধিকবার জল্পনা তৈরি হয়েছে। ‘রূপা’ সিনেমার প্রচারণা ও বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর আলোচনা আরও বেড়েছে। এর মধ্যেই সুনীতার মন্তব্য এবং এবার গোবিন্দের পাল্টা বক্তব্যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে গোবিন্দ ও কোমলের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।