বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘদিন ধরে চলে আসা দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের গুঞ্জন আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। মুম্বাইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’র গণপতি মণ্ডপে স্ত্রী সুনীতাকে ছাড়া নবাগত অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের হাত ধরে হাজির হয়ে পাপারাজ্জিদের নজরে আসেন এই তারকা।
প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার লালবাগচা রাজায় ঐতিহ্যবাহী পোশাকে ক্যামেরাবন্দী হন গোবিন্দ ও কোমল রানী। প্যান্ডেলে সাংবাদিকদের দেখে গোবিন্দ 'গণপতি বাপ্পা মোরিয়া' স্লোগান দেন। তবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় যে, গোবিন্দ ও কোমল আসার ঠিক কিছুক্ষণ আগেই একই মণ্ডপে একা এসে পূজা সেরে যান তাঁর স্ত্রী সুনীতা। গত আগস্টে মুম্বাই বিমানবন্দরে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই গোবিন্দ ও কোমলের প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা এই গণেশ চতুর্থীর অনুষ্ঠানে আরও জোরদার হলো।
সুনীতা আহুজা সম্প্রতি গোবিন্দকে 'সুগার ড্যাডি' বলে কটাক্ষ করার পাশাপাশি দাবি করেন যে, গোবিন্দ ও কোমল নাকি বিয়ের পরিকল্পনা করছেন। তবে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা এই দ্বিতীয় বিয়ের খবর পুরোপুরি উড়িয়ে দিয়ে ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাওয়ার আশা প্রকাশ করেছেন। অন্যদিকে, গোবিন্দও ভুয়া খবর ও মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির বিচ্ছেদ মামলা প্রত্যাহারের পর আবারও এই নতুন বিতর্কে তাঁদের সংসার জীবনের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন তীব্র হচ্ছে।