‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন ইয়ামি গৌতম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রী।
পুরস্কার পাওয়ার পর নিজের আবেগের কথা জানিয়ে ইয়ামি বলেন, এই বিশেষ মুহূর্তের গভীরতা তিনি এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন। তাঁর মতে, অভিনয়জীবনে এখনো শেখার ও করার অনেক কিছু বাকি।
দীর্ঘ ক্যারিয়ারের পথচলা নিয়ে ইয়ামি বলেন, নিরলসভাবে পরিশ্রম করে ভালো কাজ করে যাওয়া উচিত। কারণ, পরিশ্রমের ফল একদিন না একদিন পাওয়া যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো ঐতিহাসিক একটি মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পাওয়া তাঁর জন্য অত্যন্ত গর্বের বলেও জানান তিনি।
আদিত্য সুহাস জাম্ভালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটিতে ইয়ামি গৌতমের পাশাপাশি প্রিয়ামণি, অরুণ গোভিল, কিরণ কর্মরকারসহ আরও অনেকে অভিনয় করেছেন।
২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্মাননাও পেয়েছে। একই সঙ্গে সেরা সংগীত পরিচালনার পুরস্কার পেয়েছেন শাশ্বত সচদেব।