পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে নতুন করে জোরালো হচ্ছে হানিয়া আমির ও গায়ক অসীম আজহারকে ঘিরে গুঞ্জন। শোনা যাচ্ছে, একসময় ভেঙে যাওয়া তাদের প্রেম আবারও জোড়া লেগেছে। শুধু তাই নয়, আগামী রমজানেই নাকি বিয়ের পরিকল্পনা করছেন এই দুই তারকা।

খবরে বলা হচ্ছে, রমজান মাসে ঘরোয়া আয়োজনে হানিয়া আমির ও অসীম আজহারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত হানিয়া, অসীম বা তাদের সংশ্লিষ্ট টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে কয়েক মাস ধরে পাকিস্তানের একাধিক গণমাধ্যমে দাবি করা হয়, হানিয়া ও অসীম আবার সম্পর্কে জড়িয়েছেন। যদিও তখনও কেউ প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেননি।

উল্লেখ্য, হানিয়া আমির ও অসীম আজহার একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের প্রেমের সম্পর্ক ছিল। পরে বিচ্ছেদের পর ২০২০ সালে হানিয়া আমির প্রকাশ্যে জানিয়েছিলেন, তারা কেবল ভালো বন্ধু।

হানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর অসীম আজহার ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন। তবে প্রায় তিন বছর পর, গত বছরের শুরুতেই সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর গত বছরের আগস্টে অসীমের একটি কনসার্টে হানিয়া আমিরের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।

সব মিলিয়ে পুরোনো সম্পর্ক, সাম্প্রতিক উপস্থিতি ও বিয়ের গুঞ্জন একসঙ্গে মেলাতে গিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা-কল্পনা থামছেই না।