সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিনের নীরবতা ভেঙে ট্রল আর বুলিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ডিজিটাল দুনিয়ার নেতিবাচক মানসিকতা এবং নারীদের প্রতি সমাজের বিদ্বেষী মনোভাব নিয়ে একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে হানিয়া জানান, পর্দার ঝলমলে হাসির আড়ালে নেটিজেনদের মন্তব্য তাঁকে মানসিকভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে সুখী ও আত্মবিশ্বাসী নারীদের প্রতি সমাজের এক শ্রেণির মানুষের ঘৃণা তাঁকে অবাক করেছে।
নারীদের প্রতি নারীদের নেতিবাচক মনোভাব নিয়ে হানিয়া বলেন:
“সুখী ও আত্মবিশ্বাসী নারীদের প্রতি সমাজে এক ধরনের বিদ্বেষ কাজ করে। যেখানে শুধু পুরুষ নয়, নারীরাও জড়িত। অনেকেই অন্যকে ছোট করে নিজে স্বস্তি খোঁজেন, যা মূলত একটি ‘হেট ট্রেন’ বা ঘৃণার প্রবাহ।”
জনপ্রিয়তা অর্জনের পর তারকাদের চেহারা, গায়ের রং বা প্লাস্টিক সার্জারি নিয়ে কটাক্ষ করার প্রবণতাকেও প্রশ্নবিদ্ধ করেছেন এই অভিনেত্রী। তিনি সরাসরি নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন:
“আমরা কি কাউকে কেবল সে জনপ্রিয় বলে ঘৃণা করছি? নাকি সে অনেক কিছু অর্জন করেছে বলে? নাকি সে তার জীবনকে দারুণভাবে উপভোগ করছে বলে?”
সবশেষে সবাইকে ইতিবাচক হওয়ার এবং অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে হানিয়া বলেন, “মানুষকে তার নিজের মতো থাকতে দিন।”
হানিয়া আমিরের এই সাহসী অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক তারকা ও ভক্ত তাঁর এই বক্তব্যকে সমর্থন জানিয়ে ডিজিটাল বুলিংয়ের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেছেন।