বক্স অফিসে অলৌকিক এক সফলতার গল্প গড়ে চলেছে ভক্তিমূলক সিনেমা ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত স্বল্পপরিচিত এই চলচ্চিত্রটি ষষ্ঠ সপ্তাহে এসে ২০০ কোটি রুপির আয়ের মাইলফলক পার করে বক্স অফিসে বড় চমক দিয়েছে। 

আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবন ও শিক্ষার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল মাত্র ১০ লাখ রুপি। প্রথম দুই সপ্তাহ শেষে এর আয় ছিল মাত্র ১.৪৮ কোটি রুপি। তবে দর্শকদের ইতিবাচক পর্যালোচনার জোরে তৃতীয় সপ্তাহ থেকে সিনেমাটির আয়ে জোয়ার আসে। চতুর্থ সপ্তাহে ৬১ কোটি এবং পঞ্চম সপ্তাহে ৯০ কোটি রুপি তুলে নেওয়ার পর ষষ্ঠ সপ্তাহের শুক্রবারে (৩৬তম দিনে) সিনেমাটি এক দিনেই ১০.৫০ কোটি রুপি আয় করে। এর মধ্য দিয়ে সিনেমাটির ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ১৭৪ কোটি রুপিতে এবং বিশ্বজুড়ে আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে ২০৫ কোটি রুপিতে পৌঁছেছে।

বিশাল চতুর্বেদী লিখিত ও পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শোভিনব সত্যা, বিহান শেডগে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি ও অনিল রাস্তোগি। ষষ্ঠ শুক্রবারে ১০.৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি বক্স অফিসে এক নম্বর স্থান দখল করেছে। একই দিনে মুক্তিপ্রাপ্ত এবং দ্বিতীয় সপ্তাহে থাকা ‘মির্জাপুর: দ্য মুভি’ (৯.৫০ কোটি) এবং নতুন মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার ও সাইফ আলি খানের বড় বাজেটের সিনেমা ‘হাইওয়ান’-কেও (৩ কোটি) আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে কম বাজেটের এই সিনেমাটি।