স্বল্প বাজেটে নির্মিত সিনেমা যে বিশ্বব্যাপী বিপুল সাফল্য পেতে পারে, তারই উদাহরণ হয়ে উঠেছে ‘হনুমান অংশ’। নিম করোলি বাবার জীবনী অবলম্বনে নির্মিত ভারতীয় এই সিনেমাটি মাত্র ২ কোটি রুপি বাজেটে তৈরি। অথচ বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি। চলতি বছরের অন্যতম বড় চমক হয়ে ওঠা সিনেমাটির সাফল্যের পেছনে পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিন নারী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছেন অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিং। অর্থায়ন, প্রচার, বিপণন থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক উন্নয়নে ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করেছেন তাঁরা।
তিনজনের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রযোজক ২১ বছর বয়সী অনুপ্রিয়া নাগর। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের সময় অর্থের প্রয়োজন দেখা দিলে তিনি প্রকল্পটির সঙ্গে যুক্ত হন। মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ অর্থায়ন করেন তিনি। তবে তাঁর অবদান শুধু অর্থ বিনিয়োগেই সীমাবদ্ধ ছিল না। সিনেমাটির প্রচার বাড়াতে ১০০টির বেশি পডকাস্ট পরিচালনাকারী ও কনটেন্ট নির্মাতার সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন অনুপ্রিয়া। সিনেমাটির প্রতি নিজের আধ্যাত্মিক ভালো লাগা থেকেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।
অন্যদিকে, রাগিনি সোনা শুরু থেকেই মনে করতেন, ‘হনুমান অংশ’ কেবল একটি সিনেমার সাফল্যে সীমাবদ্ধ থাকবে না। বরং এটি হতে পারে একটি বড় ফ্র্যাঞ্চাইজির সূচনা। নিম করোলি বাবার জীবন ও দর্শন নিয়ে একাধিক পর্বে গল্প বলার সুযোগ রয়েছে বলে বিশ্বাস করতেন তিনি। সিনেমাটির বক্স অফিস সাফল্যের পর তাঁর সেই পরিকল্পনা নতুন করে আলোচনায় এসেছে।
সিনেমাটির জনসংযোগ, বিপণন, পুরস্কারবিষয়ক প্রচার এবং কৌশলগত অংশীদারত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নম্রতা জি সিং। প্রকল্পটির অনুমোদিত নির্বাহী হিসেবে পরিচালক-প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর সঙ্গে এসব কার্যক্রম দেখভাল করেছেন তিনি। সিনেমাটির স্বত্ব, প্রচার ও প্রতিনিধিত্ব নিয়ে নির্মাতাদের প্রকাশ্য বিবৃতির পরও পরবর্তী কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন নম্রতা। সিনেমাটি নিয়ে গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রহ বাড়ার পরও পরবর্তী পর্যায়ের দায়িত্ব পান তিনি।
সব মিলিয়ে সিনেমাটির সাফল্যে তিন নারীর অবদান ছিল তিন ধরনের। অনুপ্রিয়া অর্থায়ন ও প্রচারে পরিচিতি বাড়াতে, রাগিনি ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলার পরিকল্পনায় এবং নম্রতা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উন্নয়ন ও কৌশলগত কার্যক্রমে ভূমিকা রেখেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ২ কোটি রুপির একটি ভক্তিমূলক সিনেমা বিশ্বব্যাপী ৪৫২ কোটি রুপির বেশি আয় করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
‘হনুমান অংশ’-এর এই সাফল্য আবারও দেখিয়েছে, সিনেমার জনপ্রিয়তা কিংবা ব্যবসায়িক সাফল্যের জন্য বড় বাজেটই একমাত্র শর্ত নয়। সঠিক পরিকল্পনা, প্রচার এবং সম্মিলিত উদ্যোগও একটি ছোট বাজেটের সিনেমাকে পৌঁছে দিতে পারে অভাবনীয় উচ্চতায়।