জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া সাইদুর রহমান পাভেলকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি তাঁর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তুমুল সমালোচনা তৈরি হয়। এই বিতর্কের জেরেই নাকি জনপ্রিয় এই সিরিজটি থেকে বাদ পড়তে যাচ্ছেন অভিনেতা পাভেল।

প্রতিবেদনে জানানো হয়, সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হওয়ার পরপরই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন নির্মাতা কাজল আরেফিন অমি। সেখানে সিরিজের পরিচিত ও নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও অনুপস্থিত ছিল সাইদুর রহমান পাভেলের নাম। আর এতেই নেটিজেনদের মধ্যে সন্দেহ জোরদার হয় যে, ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরেই হয়তো তাঁকে নাটকটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

তবে পাভেলকে নাটক থেকে সত্যিই বাদ দেওয়া হচ্ছে কি না বিষয়টি নিশ্চিত হতে ঢাকা পোস্টের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও নির্মাতা কাজল আরেফিন অমি পুরোপুরি নীরব থেকেছেন। অন্যদিকে ভিডিও প্রকাশের পর পাভেল নিজের অবস্থান পরিষ্কার করে দাবি করেছিলেন যে, ভিডিওর অপর পাশের নারীর সঙ্গে তাঁর শুধুই বন্ধুত্বের সম্পর্ক। উল্লেখ্য, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এর মাধ্যমে নজর কাড়া এই অভিনেতার ক্যারিয়ারে বড় মোড় এনে দিয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির চরিত্রটি।