বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা যান এই অভিনেতা। স্বামীর মৃত্যুর এক বছর পূর্তিতে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী হেমা মালিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো মুহূর্তের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

পোস্টে হেমা লিখেছেন, দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেলেও তার শোকের তীব্রতা এতটুকু কমেনি। ধর্মেন্দ্র শুধু তার স্বামী ছিলেন না, ছিলেন বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক ও জীবনের শক্তি। সংক্ষেপে, তার অস্তিত্বেরই একটি অংশ ছিলেন এই অভিনেতা।

স্বামীকে ছাড়া জীবন শূন্য মনে হচ্ছে জানিয়ে হেমা আরও লেখেন, ধর্মেন্দ্রর অসাধারণ ব্যক্তিত্ব, সহজাত গুণাবলি এবং সবার প্রতি ভালোবাসা তাকে অনন্য করে তুলেছিল। সাফল্যের শিখরে পৌঁছেও তিনি সব সময় মাটির কাছাকাছি ছিলেন এবং নিজের শিকড়কে আঁকড়ে রেখেছিলেন।

ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে হেমা বলেন, ভগবদ্‌গীতা অনুযায়ী আত্মা অমর এবং পুনর্জন্ম লাভ করে। বিষয়টি তিনি বিশ্বাস করলেও বর্তমান জীবনে ধর্মেন্দ্রর স্নেহময় উপস্থিতি ভীষণভাবে অনুভব করেন।

এদিকে স্বামীর স্মৃতিচারণের পাশাপাশি ধর্মেন্দ্রকে ভালোবাসা ও স্মরণ করার জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন হেমা। তার ভাষ্য, লাখো ভক্ত এখনো ধর্মেন্দ্রকে মনে রেখেছেন এবং তাকে নিয়ে ভালোবাসার বার্তা পাঠিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

উল্লেখ্য, ১৯৮০ সালে বিয়ে করেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তাদের দুই মেয়ে এশা দেওল ও অহনা দেওল। দীর্ঘ অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। বলিউডে ‘হি-ম্যান’ নামে পরিচিত এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন চলচ্চিত্র অঙ্গনের অসংখ্য তারকা ও ভক্ত। মুম্বাইয়ের পাওয়ান হংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরে ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে তার স্মরণে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল।