বছর দুয়েক আগে, অর্থাৎ ২০২৪ সালে, ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। সেই খবর পাওয়ার পর চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরু হওয়ার আগেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন তিনি। চুল পড়ার অপেক্ষা না করে নিজেই নিজের চুল কেটে ফেলেন অভিনেত্রী।
বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ হিনা খান। জীবনের কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। এই সময়ের মধ্যেই দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রথম শোনার মুহূর্তে কী করেছিলেন এই প্রশ্নটি তাকে প্রায়ই করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন হিনা। তিনি জানান, বাইরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে তা মোটেও তেমন নয়। তবে সেই মুহূর্তে তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন এবং আবেগে ভেঙে পড়েননি।
সেই সময়ের কথা স্মরণ করে হিনা বলেন, তিনি নিজের প্রিয় খাবার অর্ডার করেছিলেন। ‘আমি ফালুদা খুব ভালোবাসি। সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম,’ বলেন তিনি। এরপরই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পথচলা, যার অনেকটাই ভক্তদের জানা।
উল্লেখ্য, অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা খান। কোনো আড়ম্বর নয়, খুব সাধারণ আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে। ২০০৯ সালে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি জয়সওয়াল। সেখান থেকেই শুরু হয় তাদের পরিচয় ও সম্পর্ক, যা সময়ের পরীক্ষায় টিকে থেকে শেষ পর্যন্ত পরিণয়ের পথে পৌঁছেছে।