সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘হক’ সিনেমায় অভিনয় করে নতুন করে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন ইয়ামি গৌতম। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার হাজার কোটির ব্যবসা করা ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হচ্ছেন তিনি।
আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত বহুল আলোচিত ‘ধুরন্ধর ২’। এই ছবিতে ইয়ামিকে দেখা যাবে এক রণংদেহি ও শক্তিশালী চরিত্রে। চরিত্রটির জন্য তাকে নিতে হয়েছে কঠোর অ্যাকশন ট্রেনিং। ইতোমধ্যে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় ছবির শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।
পাকিস্তানের লিয়ারি এলাকার আদলে নির্মিত একটি সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন ইয়ামি। একই লোকেশনে আলাদা আলাদা সময়ে সঞ্জয় দত্ত এবং ‘হামজা’ লুকে রণবীর সিংকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। ‘হক’ সিনেমায় ইয়ামির অভিনয়ের প্রশংসা করেছেন আলিয়া ভাট, করণ জোহরের মতো তারকারা। ঠিক সেই সময়ই ‘ধুরন্ধর ২’-এ তার যুক্ত হওয়া ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
সমালোচকদের একটি অংশ এই কাস্টিংকে স্বজনপ্রীতির উদাহরণ হিসেবে দেখছেন। তাদের দাবি, পরিচালক আদিত্য ধরের স্ত্রী হওয়ার কারণেই এত বড় প্রজেক্টে জায়গা পেয়েছেন ইয়ামি। পাশাপাশি ছবির সম্পাদনার দায়িত্বে পরিচালকের ভাইকে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।