বহুল আলোচিত ছবি ডন থ্রি ঘিরে আলোচনা যেন থামছেই না। প্রথম দুই পর্বে শাহরুখ খান অভিনীত ‘ডন’ চরিত্রটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। তবে তৃতীয় কিস্তিতে হঠাৎ করেই নায়ক হিসেবে রণবীর সিং এর নাম ঘোষণা হওয়ায় শুরু হয় তুমুল বিতর্ক।

এরই মধ্যে মাসখানেক আগে শোনা যায়, রণবীর আর এই প্রকল্পের সঙ্গে যুক্ত নেই। খবরটি সামনে আসতেই নতুন করে গুঞ্জন ছড়ায় রণবীরের জায়গায় নাকি দেখা যেতে পারে হৃতিক রোশনকে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মহলে জোর আলোচনা শুরু হয়, তবে বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন হৃতিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। তিনি জানান, ‘ডন থ্রি’তে তার অভিনয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা নিয়েই নানা জল্পনা তৈরি হচ্ছে। তার ভাষায়, গুঞ্জন এখন আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই এটি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে।

হৃতিক স্পষ্ট করে বলেন, কিংবদন্তি অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো অভিনেতাদের পর ‘ডন’ চরিত্রে নিজেকে কল্পনাও করছেন না তিনি। আরও জানিয়ে দেন, এই ছবির জন্য তার কাছে কখনো কোনো প্রস্তাবই আসেনি। ফলে যেসব খবর ঘুরে বেড়াচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

একই সঙ্গে সংবাদমাধ্যম ও ভক্তদের উদ্দেশে তার অনুরোধ যাচাই-বাছাই ছাড়া এমন গুঞ্জন ছড়ানো ঠিক নয়। এখন দেখার বিষয়, ‘ডন থ্রি’র চূড়ান্ত কাস্টিং নিয়ে নির্মাতারা কবে আনুষ্ঠানিক ঘোষণা দেন।