পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘প্রিয়তমা’কে এখনো নিজের অভিনয়জীবনের অন্যতম সেরা অর্জন বলে মনে করেন এই অভিনেত্রী।
কলকাতার ছোটপর্দা দিয়ে অভিনয়জীবন শুরু হলেও বড় পর্দার নায়িকা হিসেবে ইধিকার প্রতিষ্ঠা আসে বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার হাত ধরেই। এরপর বাংলাদেশ ও কলকাতা, দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে নির্মাতা সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘প্রিয়তমা’ সিনেমার স্মৃতিচারণ করেন ইধিকা। তিনি বলেন, “প্রিয়তমার সময়কালটা ভীষণ মিস করি। আজও মনে আছে, প্রথম যেদিন ঢাকা এসেছিলাম, সেদিন সন্ধ্যায় বিএফডিসি ঘুরতে গিয়েছিলাম। অনেকটা সময় সেখানে কাটানোর পর হাতিরঝিলে ঘুরে একটি কফিশপে কফি খেয়েছিলাম।”
তিনি আরও জানান, এরপর ভার্সেটাইল মিডিয়ার অফিসে কিছু সময় কাটানোর পর শুরু হয় ‘প্রিয়তমা’র শুটিং। “শাকিব খানের সঙ্গে এটিই ছিল আমার প্রথম সিনেমা। শুটিং শেষ করে কলকাতায় ফিরে যাই। পরে সিনেমাটি মুক্তির পর চারদিকে যে সাড়া পেয়েছিল, তা সত্যিই অবিশ্বাস্য ছিল,” বলেন তিনি।
সিনেমা মুক্তির পর ঢাকায় এসে দর্শকদের সঙ্গে বসেই ‘প্রিয়তমা’ দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইধিকা। তাঁর ভাষায়, “আমি মাকে নিয়ে বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। মুখে মাস্ক পরা থাকলেও সিনেমা শেষে বের হওয়ার সময় দর্শক আমাকে চিনে ফেলেছিলেন। তাদের সেই ভালোবাসা আজও ভুলতে পারিনি।”
‘প্রিয়তমা’কে নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি বলে উল্লেখ করে ইধিকা বলেন, “সত্যি বলতে কী, ‘প্রিয়তমা’ আমার জীবনের আশীর্বাদ। ঠিক এমন ধরনের গল্পেই আমি বাংলাদেশের সিনেমায় আরও অভিনয় করতে চাই। জানি না, আবার সেই সুযোগ আসবে কি না।”
বাংলাদেশে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ইধিকা জানান, ‘প্রিয়তমা’ শুধু একটি সফল সিনেমাই নয়, বরং তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।