বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে ব্রেন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। গত বছরের আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা তাঁর ব্রেন ক্যানসার শনাক্ত করেন।

অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি বর্তমানে চলছে ওরাল থেরাপি। পরিবার-ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় এরই মধ্যে প্রায় ৬০টি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে।

বর্তমানে মেয়ের লন্ডনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চলমান থেরাপি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকেরা নতুন করে তাঁর শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন।

চিকিৎসকদের মতে, ক্যানসার এখনো মস্তিষ্কের আগের স্থানেই রয়েছে। তবে এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, যা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। দ্বিতীয় ধাপের চিকিৎসা শেষ হলে অবস্থার উন্নতি হতে পারে বলেও আশা করছেন তাঁরা।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন ধীরে ধীরে কথা বলতে পারলেও কথাবার্তায় জড়তা রয়েছে। অনেক সময় একটি বাক্য সম্পূর্ণ করতেও কষ্ট হয় তাঁর। খাবারদাবার মোটামুটি স্বাভাবিক থাকলেও আগের মতো নিয়মিত জীবনযাপন করতে পারছেন না।

একসময় চলচ্চিত্র, সামাজিক আন্দোলন ও বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকা এই অভিনেতার দিন এখন কাটছে চিকিৎসা, ফলোআপ এবং পরিবারের সান্নিধ্যে। মেয়ে, জামাতা ও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোই তাঁর সবচেয়ে বড় মানসিক শক্তি হয়ে উঠেছে।

সম্প্রতি পরিবারের সঙ্গে তোলা কিছু হাসিমুখের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তাঁর দ্রুত সুস্থতার আশা করেছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, ইলিয়াস কাঞ্চনের সুস্থ হয়ে ওঠার পথ এখনো দীর্ঘ, আর সেই লড়াই তিনি ধৈর্য ও সাহসের সঙ্গেই চালিয়ে যাচ্ছেন।