দক্ষিণী তারকা দুলকার সালমানের ফ্যান্টাসি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘আই এম গেম’ বক্স অফিসে পঞ্চম দিনে বড় ধরনের পতনের মুখে পড়েছে। মুক্তির প্রথম সোমবারে সিনেমাটির আয় আগের দিনের তুলনায় প্রায় ৬৫.৫ শতাংশ কমে গেছে। Times Of India'র এক প্রতিবেদনে বক্স অফিসে এই থ্রিলারটির পঞ্চম দিনের আয় ও সার্বিক কালেকশনের বিবরণ তুলে ধরা হয়েছে।

নাহাস হিদায়াত পরিচালিত এই সিনেমাটি পঞ্চম দিনে ভারত জুড়ে ২,৬১০টি শো থেকে আনুমানিক ১.৫০ কোটি রুপি নেট সংগ্রহ করেছে। এর ফলে ভারতে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়াল ২০.৫০ কোটি রুপি (গ্রস প্রায় ২৩.৯৫ কোটি রুপি)। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পঞ্চম দিনে সিনেমাটি আরও ৭৫ লাখ রুপি আয় করায় বিশ্বব্যাপী এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৪১.২০ কোটি রুপি।

রোববার যেখানে সিনেমাটি ৪.৩৫ কোটি রুপি আয় করেছিল, সেখানে সোমবার ছুটির দিন শেষে শো সংখ্যা ও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যায়। মালয়ালম সংস্করণে ১.০৭ কোটি রুপি আয় এলেও তেলেগু, তামিল ও হিন্দি ভার্সনের কালেকশন বেশ তলানিতে গিয়ে ঠেকেছে। দুলকার সালমান ছাড়াও ছবিটিতে অ্যান্টনি ভার্গিস, মাইস্কিন ও কায়াদু লোহাড়ের মতো শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।