ভালোবাসা দিবসেই চমক। ২০২৬ সালের ভ্যালেন্টাইনস ডেতে ইমতিয়াজ আলিএকতা আর কাপুর একসঙ্গে ঘোষণা দেন নতুন চলচ্চিত্র ‘হীর রাঞ্ঝা’র। ঘোষণার পর থেকেই স্পষ্ট, এটি শুধু আরেকটি প্রেমের ছবি নয়; বরং ধ্রুপদি পাঞ্জাবি লোককাহিনিকে নতুন প্রজন্মের জন্য নতুন ভাষায় তুলে ধরার উদ্যোগ। পরিচালনায় থাকছেন সাজিদ আলি। নির্মাতাদের মতে, এটি হবে লায়লা মজনু-এর উত্তরাধিকার বহনকারী পরবর্তী অধ্যায়, যেখানে প্রেমকে দেখানো হবে এক গভীর আত্মিক যাত্রা হিসেবে।

ঘোষণার পর থেকেই বড় প্রশ্ন, কে হচ্ছেন নতুন যুগের হীর? বলিপাড়ায় জোর গুঞ্জন, এই চরিত্রে এগিয়ে আছেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। মিড-ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতারা এমন একটি মুখ খুঁজছেন যিনি তুলনামূলক নতুন হলেও পর্দায় শক্তিশালী উপস্থিতি রাখতে পারেন। সেই তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সারার নাম।

সম্প্রতি রণবীর সিং-এর বিপরীতে ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। তার আবেগঘন অভিনয় এবং পর্দায় স্বাভাবিক উপস্থিতি নির্মাতাদের নজর কেড়েছে বলেই শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, কাস্টিং আলোচনায় সারার নামই ঘুরছে সবচেয়ে বেশি।

অন্যদিকে ‘রাঞ্ঝা’ চরিত্রে বিবেচনায় রয়েছেন রোহিত সারাফ। তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করবে হীর-রাঞ্ঝার অনস্ক্রিন রসায়নের ওপর। কারণ এই গল্পের আসল শক্তি দুই চরিত্রের আবেগ, আকুলতা ও আত্মত্যাগের বিশ্বাসযোগ্য উপস্থাপনায়।

জানা গেছে, ২০২৬ সালের গ্রীষ্মে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে জোর গতিতে চলছে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে, নতুন প্রজন্মের দুই মুখকে নিয়ে বড় পর্দায় আসতে পারে এক বিস্তৃত রোমান্টিক কাব্যগাথা।

এদিকে সারার ক্যারিয়ারও ঊর্ধ্বমুখী। তিনি পরিচালক আদিত্য ধর-এর ‘ধুরন্ধর ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, যার মুক্তির সম্ভাব্য তারিখ ১৯ মার্চ ২০২৬।