নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর শিক্ষাব্যবস্থায় সম্ভাব্য কঠোরতা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। সেখানে তিনি লেখেন, “বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই!”
পোস্টটির সঙ্গে সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এর একটি ছবিও যুক্ত করেন তিনি। অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে অভিনেতা উল্লেখ করেন, তাঁদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ এবং সেই সময় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেই বর্তমান প্রজন্মকে আরও সচেতন ও প্রস্তুত হওয়ার বার্তা দেন তিনি।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ পুরোনো দিনের কঠিন পরীক্ষাব্যবস্থার প্রসঙ্গ তুলে অভিনেতার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ রসিকতার সুরে মন্তব্য করেছেন সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তবে নাটক দেখবে কে! সব মিলিয়ে ইরফান সাজ্জাদের এই বার্তা নতুন করে শিক্ষাব্যবস্থা ও পড়াশোনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।