নিজেকে গর্বিত ‘অন্ধভক্ত’ বলে ঘোষণা করে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকর। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি দেশপ্রেম নিয়ে মনের কথা খুলে বলেছেন এই অভিনেত্রী। 

ভিডিওতে ইশা স্পষ্ট করে জানান, তাঁর এই অন্ধভক্তি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি নয়, বরং নিজের দেশের প্রতি। তিনি বলেন, "দেশকে ভালোবাসা আর দেশের উন্নতি চাওয়া যদি ভক্ত হওয়া হয়, তবে হ্যাঁ, আমি গর্বিত ভক্ত… অন্ধভক্ত। কিন্তু আমার এই অন্ধভক্তি কোনো দলের জন্য নয়, দেশের জন্য। দেশ আমার কাছে সবার আগে।"

সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলার অধিকারের কথা তুলে ধরে ইশা আরও জানান, সরকারের কোনো সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত থাকা বা প্রশ্ন তোলার পরও দেশকে সমানভাবে ভালোবাসার মধ্যে কোনো বিরোধিতা নেই। দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি সবাইকে প্রশ্ন করার মানসিকতা বদলানোর আহ্বান জানিয়ে বলেন, দেশ আমাদের কী দিয়েছে তা না ভেবে, আমরা দেশের জন্য কী করছি তা ভাবা উচিত। দেশ যে ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই তারকা।