রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার’। উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে জায়গা পাওয়া এই সিনেমার প্রিমিয়ার উপলক্ষে বর্তমানে রটারড্যামে অবস্থান করছেন ছবিটির টিম। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
আজ সকালে রটারড্যাম থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে মম জানিয়েছেন, বিদেশের মাটিতে এই বিশেষ মুহূর্তে তিনি ভীষণভাবে মাকে মিস করছেন। মাকে ঘিরে নস্টালজিক স্মৃতিচারণ করে তিনি লেখেন, “প্রফেসর আয়েশা আকতার আম্মা, যার স্বপ্নের পথেই আমি হাঁটছি। ছোটবেলায় পরীক্ষায় প্রশ্ন কমন না পড়লে শুধু আম্মার বকার কথাই মনে পড়ত। তখন খুব কান্না পেত।”
পোস্টে মম আরও উল্লেখ করেন, ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের সূত্রে দেশকে প্রতিনিধিত্ব করে বহুবার বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে তাঁর। তবে এবার ‘মাস্টার’ সিনেমা নিয়ে রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিতে পারা তাঁর কাছে বিশেষ গর্বের।
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্যে উঠে এসেছে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প। ছবিতে জাকিয়া বারী মম ছাড়াও অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান ও আজমেরী হক বাঁধন।