নতুন মৌলিক গান প্রকাশ না করলেও মঞ্চে এখনো তিনি অপ্রতিদ্বন্দ্বী নগরবাউল জেমস। দেশের কনসার্ট হোক বা বিদেশের মঞ্চ, তার গিটার আর কণ্ঠে এখনো মুগ্ধ হয় প্রজন্মের পর প্রজন্ম। এবার দীর্ঘ দুই মাসের ইউরোপ ট্যুরে যাচ্ছেন এই রক লিজেন্ড।
সম্প্রতি ফেসবুকে নিজের ইউরোপ ট্যুরের বিস্তারিত শিডিউল প্রকাশ করেন জেমস। সেখানে জানা যায়, ইউরোপের ছয়টি শহরে একের পর এক কনসার্টে পারফর্ম করবেন তিনি। প্রবাসী বাঙালিদের জন্য এই আয়োজন ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ট্যুর শুরু হবে ২৫ জুলাই, যুক্তরাজ্যের লন্ডন দিয়ে। এরপর ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট রোম, ২২ আগস্ট ভেনিস এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করার কথা রয়েছে তার।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, পুরো ট্যুরটি প্রায় দুই মাসব্যাপী চলবে। তিনি বলেন, “এর আগে আমেরিকায় সফল ট্যুর করেছি। এবার ইউরোপ ট্যুর আরও বড় পরিসরে হচ্ছে। টিকিট বিক্রি শুরু হয়েছে, প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।”
এর আগে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়ে অভাবনীয় সাড়া পেয়েছিলেন জেমস। ২০২৩ সালে যেখানে ১০টি কনসার্টের পরিকল্পনা ছিল, সেখানে দর্শক চাহিদার কারণে শেষ পর্যন্ত ২৫টি শো করতে হয়েছিল তাকে। সেই অভিজ্ঞতার পর ইউরোপ ট্যুর নিয়েও একই ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
দীর্ঘ সময় ধরে নতুন গান না এলেও লাইভ পারফরম্যান্সে জেমসের শক্তি ও জনপ্রিয়তা এখনো অটুট। তাই ইউরোপের এই সফর ঘিরে প্রবাসী ভক্তদের মধ্যে যেন উৎসবের আমেজ।