পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিশেষ চমক নিয়ে আসছেন কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস। আগামী ২৬ জুলাই লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সংগীতশিল্পী। লিসবনের জনপ্রিয় ভেন্যু ‘লিসবোয়া উয়ু ভিভো’-তে বিকেল ৫টা থেকে শুরু হবে এই জমকালো আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান ‘কাসা দো বাংলাদেশ’ এবং ‘নোটিসিয়া বাংলা’ জানিয়েছে, এটি হতে যাচ্ছে পর্তুগালের মাটিতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত উৎসব। জেমস তাঁর কালজয়ী গানগুলোর মাধ্যমে লিসবনের প্রবাসীদের এক অবিস্মরণীয় সন্ধ্যা উপহার দেবেন। কনসার্টটি ঘিরে লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উদ্দীপনা ও উন্মাদনা তৈরি হয়েছে।
এই বিশাল আয়োজন উপলক্ষে গত রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় লিসবনের ‘লিটনস তুর্কিশ গ্রিল’-এ একটি সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, জেমসের মতো বড় মাপের একজন শিল্পীর উপস্থিতি প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তুলবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে।