বাংলা রকসংগীতের কিংবদন্তি জেমস এবার ভক্তদের সামনে হাজির হলেন একেবারে ভিন্ন এক রূপে স্নেহময় বাবা হিসেবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ছোট্ট পুত্র জিবরান আনাম এর হাতে ড্রামস স্টিক তুলে দিচ্ছেন তিনি।

ভিডিওতে বাবা-ছেলের মধুর মুহূর্ত ভক্তদের মন ছুঁয়ে গেছে। জেমস নিজ হাতে ছেলেকে ড্রামের বিভিন্ন শব্দ শোনাচ্ছেন, শেখানোর চেষ্টা করছেন। মজার ছলে বলতে শোনা যায়, "হাতে তুলে দিলে তো নিবি না, থাক বাবা থাক।" আর ঠিক তখনই ছোট্ট জিবরান বাবার হাত থেকে ড্রামস স্টিক কেড়ে নেয়।

ক্যামেরার পেছন থেকে শোনা যায় মা নামিয়া আমান এর সতর্ক কণ্ঠ, "চোখে যেন না লাগে।" এই ছোট্ট পারিবারিক মুহূর্তটিই মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ কাঁপানো জেমস এর এমন পারিবারিক রূপ দেখে ভক্তরা উচ্ছ্বসিত। অনেকে মজা করে লিখেছেন, "আসছে নগর বাউল জুনিয়র।" কেউ আবার বলেছেন, "গুরু যখন শেখাচ্ছেন, বড় হয়ে নিশ্চয়ই দারুণ মিউজিশিয়ান হবে।"

উল্লেখ্য, এক বছর প্রেমের পর ২০২৪ সালের ১২ জুন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমানকে বিয়ে করেন জেমস। এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র জিবরান আনাম। এবার বাবার সুরের জগতে ছোট্ট জিবরানের প্রথম পদচারণাও দেখে ফেললেন ভক্তরা।