উন্মাদনা আর রেকর্ডের মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা
প্রেক্ষাগৃহে প্রথম শো শুরুর আগেই অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মে সিনেমাটির ১০ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়ে যায়। বিজয়ের টানা তৃতীয় সিনেমা হিসেবে এই মাইলফলক স্পর্শ করল এর আগে তাঁর ‘ওয়ারিসু’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট) সিনেমা দুটিও মুক্তির আগে ১০ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল।
এইচ বিনোথ পরিচালিত বহুপ্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তি পেতে নানামুখী বাধার সম্মুখীন হতে হয়েছে। আইনি জটিলতা, সেন্সর বোর্ডের ছাড়পত্র সংক্রান্ত বিলম্ব এবং মুক্তির ঠিক আগমুহূর্তে পাইরেসির কারণে অনলাইনে সিনেমাটি ফাঁস হয়ে যাওয়ার মতো বড় ধাক্কা সত্ত্বেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় থামানো যায়নি।
রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার আগে বড় পর্দায় বিজয়ের বিদায়ী এই সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মামিতা বাইজু এবং গৌতম বাসুদেব মেনন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।