তীব্র বিতর্কের মুখে প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘পেদ্দি’ থেকে অভিনেত্রী জাহ্নবী কাপুরের অতিরিক্ত আবেদনময়ী দৃশ্যগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নারী অধিকারকর্মী এবং সাধারণ দর্শকদের তীব্র সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতা বুচি বাবু সানা। একই সঙ্গে এই ধরনের আপত্তিকর দৃশ্য রাখার জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পরিচালক বুচি বাবু সানা জানান, এই সিনেমায় জাহ্নবীর অভিনীত চরিত্রটির নাম ‘আচিয়ামা’। অনেকে চরিত্রটিকে গল্পের জন্য অপ্রয়োজনীয় বলে সমালোচনা করলেও, মূলত রাম চরণের চরিত্র ‘পেদ্দি’র মানসিক বিকাশ ও পরিবর্তন দেখানোর জন্যই জাহ্নবীর চরিত্রটি ডিজাইন করা হয়েছিল। তবে নিজের ভুল স্বীকার করে নির্মাতা বলেন যে, দৃশ্য ধারণের প্রক্রিয়ায় কয়েকটি শট কিছুটা বিভ্রান্তিকর ও আপত্তিকর হয়ে যায়, যা দর্শকদের অনুভূতিতে আঘাত করেছে। তাই তাঁরা দ্রুত পদক্ষেপ নিয়ে সিনেমা থেকে সেই দৃশ্যগুলো সংশোধনের মাধ্যমে সম্পূর্ণ সরিয়ে ফেলেছেন।

সমালোচিত দৃশ্যগুলোর মধ্যে একটি ছিল জাহ্নবী কাপুরের চরিত্রের ইন্ট্রোডাকশন বা পরিচিতি পর্ব, যেখানে ক্যামেরার ফোকাস তাঁর মুখের চেয়ে শরীরের অন্যান্য অংশের ওপর বেশি রাখা হয়েছিল। এ ছাড়া আরেকটি বিতর্কিত দৃশ্যে দেখা যায়, রাম চরণের চরিত্র পেদ্দি সম্মতি ছাড়াই আচিয়ামাকে জোরপূর্বক চুম্বন করছে; যেখানে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া সে ভালোবাসা প্রকাশ করার অন্য কোনো ভাষা জানে না। এই দৃশ্যটির যৌক্তিকতা ব্যাখ্যা করে নির্মাতা জানান, পেদ্দি পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের রুক্ষ স্বভাবের এক বাসিন্দা হওয়ায় তার আদিম ও বুনো আচরণটি ফুটিয়ে তুলতেই এমন সাহসী দৃশ্য রাখা হয়েছিল, তবে তা দর্শকদের কাছে নেতিবাচক বার্তা দিয়েছে।

উল্লেখ্য, আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ পটভূমি ও গ্যাংস্টার কালচারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার মূল কাহিনি। ২৫০ থেকে ৩০০ কোটি রুপি বাজেটের এই বিগ বাজেটের সিনেমায় রাম চরণ ও জাহ্নবী কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কন্নড় সুপারস্টার শিবা রাজকুমার, জগপতি বাবু এবং ওটিটি খ্যাত অভিনেতা দিব্যেন্দু শর্মা। গত ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর দৃশ্যপট নিয়ে তীব্র বিতর্ক তৈরি হলেও বক্স অফিসে কিন্তু দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।