অনলাইনে নিজের ছবি ও ভিডিওর অপব্যবহার এবং ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আদালত। অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ ছিল। তবে প্রাথমিক অনুসন্ধানে আপত্তিকর ও অশালীন কনটেন্ট পাওয়া যাওয়ায় এর মধ্যে ৫৫২টি ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
তারকার নামে পরিচালিত ফ্যান পেজ নিয়েও আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। হাইকোর্ট স্পষ্ট করেছে, কোনো তারকার নাম বা ছবি ব্যবহার করলেই একটি ফ্যান পেজ স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না। এসব পেজে ছবি, ভিডিও, সিনেমা সম্পর্কিত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। তাই শুধু তারকার পরিচয় ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করার যৌক্তিকতা নেই।
তবে কোনো ফ্যান পেজে অশালীন বা আপত্তিকর কনটেন্ট ছড়ানো হলে কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়েছে আদালত।
জাহ্নবীর মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তার পরিচয়ের বাণিজ্যিক অপব্যবহারের বিষয়ও উঠে এসেছে। এসব কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজের কর্মকাণ্ড থেকে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দিয়েছে আদালত।
অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেলেগু ভাষার অ্যাকশন ড্রামা ‘পেড্ডি’। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর জুলাইয়ে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয় সিনেমাটির।