কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় পড়েছেন তার দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত একটি মূল্যবান জমি কেনায় জালিয়াতির অভিযোগ ওঠায় বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। শ্রীদেবীর স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে এই মামলা খারিজের দাবিতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

ঘটনার সূত্রপাত চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোড এলাকায় শ্রীদেবীর কেনা প্রায় ৫ একর জমি নিয়ে। কয়েক দশক আগে কেনা এই জমির মালিকানা নিয়ে এখন কিছু স্থানীয় ব্যক্তি প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, জমিটি কেনার সময় কিছু নথিপত্র জাল করা হয়েছিল এবং ওই জমির ওপর তাদেরও অধিকার রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলা করা হয়েছে, যা শ্রীদেবীর উত্তরসূরিদের জন্য নতুন বিড়ম্বনা তৈরি করেছে।

বনি কাপুর ও তার দুই মেয়ের দাবি, জমিটি সম্পূর্ণ আইন মেনে কেনা হয়েছিল এবং এত বছর পর এ ধরনের অভিযোগ তোলা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ২০১৮ সালে শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর তার রেখে যাওয়া বিশাল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এটিই সবচেয়ে বড় আইনি লড়াই হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে মাদ্রাজ হাইকোর্টে মামলাটি বিচারাধীন এবং বলিউড মহলে এই সম্পত্তি বিতর্ক নিয়ে জোর আলোচনা চলছে।