ভারতের প্রেক্ষাগৃহে আবারও ঝড় তুলতে প্রস্তুত মার্ভেল ফ্র্যাঞ্চাইজির ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করা এই জনপ্রিয় চলচ্চিত্রটির পুনঃমুক্তিকে কেন্দ্র করে ভারতের বাজারে শুরু থেকেই ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রিতেই ভারতের শীর্ষ সিনেমা চেইনগুলোতে প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
প্রতিবেদনে জানানো হয়, ভারতের প্রধান দুটি ন্যাশনাল থিয়েটার চেইন পিভিআর আইকনিক (PVR Inox) এবং সিনেপলিসে (Cinepolis) ইতোমধ্যেই ৮৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালের শো শুরু হওয়ার আগেই তা ৯০ হাজারের কোঠা ছাড়িয়ে যাবে। অগ্রিম বুকিংয়ের এই ধারা বজায় থাকলে উদ্বোধনী দিনে সিনেমাটি প্রায় ৭ থেকে ৮ কোটি রুপি (নেট) আয় করতে পারে।
সিনেমাটি সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কারণে প্রথম দিনে ১০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করা কঠিন হতে পারে, তবে শনি ও রবিবার ছুটির দিনে হলের সংখ্যা বাড়ালে আয়ের পরিমাণ আরও বড় রূপ নেবে। ২০১৯ সালে মুক্তির পর ভারতজুড়ে ব্যাপক ব্যবসা করেছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। পরবর্তীতে অবশ্য ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবি দুটি একে পেছনে ফেলে দেয়। তবে পুনঃমুক্তিতে ভারতীয় বক্স অফিসে যে বিপুল সাড়া দেখা যাচ্ছে, তা মার্ভেলের আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে।