দীর্ঘ বিরতির পর বড় স্টুডিওর সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরেই বক্স অফিসে সাফল্য পেয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। তাঁর অভিনীত ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত সিনেমাটি শুক্রবার (১৩ নভেম্বর) ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিনেই আয় করে ৬৭ লাখ মার্কিন ডলার।
ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলারে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারসহ বিশ্বব্যাপী আয় ৪ কোটি ডলার ছাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
টিআই ওয়েস্ট পরিচালিত সিনেমাটিতে কৃপণ ব্যবসায়ী এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। গল্পে বড়দিনের অতীত, বর্তমান ও ভবিষ্যতের তিন প্রেতাত্মার মুখোমুখি হন স্ক্রুজ। তাদের মাধ্যমে নিজের জীবন ও আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি।
২০১৮ সালের ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটি জনি ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনার সিনেমা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই ও নানা বিতর্কের পর দীর্ঘ সময় বড় স্টুডিওর সিনেমায় দেখা যায়নি তাঁকে। এ সময়ে ‘মিনামাটা’ ও ‘জেন দু বারি’তে অভিনয়ের পাশাপাশি ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’ পরিচালনা করেন তিনি।
এদিকে একই দিনে মুক্তি পাওয়া ‘হাউ টু রব আ ব্যাংক’ প্রথম দিন ২২ লাখ ডলার আয় করেছে। ডেভিড লেইচ পরিচালিত সিনেমাটির প্রথম সপ্তাহান্তে আয় ৪৭ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সনির ‘ঘোস্ট সোলজার’ প্রথম দিন আয় করেছে ১৫ লাখ ডলার।