পছন্দের অভিনয়শিল্পীকে সেরা প্রমাণ করতে ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পোস্টের মন্তব্যে প্রিয় তারকাকে এগিয়ে রাখতে অনেক সময় অন্য তারকার ভক্তদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অনেকে। কখনো সেই তর্ক গড়ায় কটূক্তি কিংবা ভার্চুয়াল ঝগড়াতেও।
এবার এমনই এক ভার্চুয়াল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। তবে মজার বিষয় হলো, যাঁদের নিয়ে ভক্তদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা, সেই দুই অভিনেতা নিজেরাই দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। ভক্তদের এমন আচরণের মধ্যেই নিজেদের বন্ধুত্বের বিষয়টি সামনে এনে একটি বার্তা দিয়েছেন জোভান।
বুধবার দুপুরে তৌসিফ মাহবুবের সঙ্গে একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জোভান। ছবির সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, তাঁদের দুজনকে নিয়ে ভক্তদের মধ্যে এত ঝগড়া বা ভার্চুয়াল লড়াইয়ের আগে একটি বিষয় মনে রাখা উচিত। জোভানের ভাষ্য, তাঁরা একে অপরকে যতটা সম্মান করেন, ভক্তরা পরস্পরকে ততটা সম্মান করেন না।
জোভান ও তৌসিফের বন্ধুত্ব অবশ্য নতুন নয়। ক্যারিয়ারের শুরুর দিকেই রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। এরপর বিভিন্ন নাটকে একসঙ্গে কাজ করতে করতে তাঁদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়। দেখতে দেখতে সেই সম্পর্কের বয়স প্রায় ১৩ বছরে পৌঁছেছে।
কাজের ব্যস্ততা বাড়লেও তাঁদের বন্ধুত্বে তেমন কোনো পরিবর্তন আসেনি। সুযোগ পেলেই একসঙ্গে সময় কাটান তাঁরা। এর আগে নিজেদের বন্ধুত্ব নিয়ে কথা বলতে গিয়ে জোভান জানিয়েছিলেন, ব্যস্ততা যতই থাকুক, বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে দেখা করা জরুরি। কারণ, বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যায়।
জোভানের মতে, তাঁদের আড্ডায় ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে হাসি-ঠাট্টা ও খুনসুটি চলে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তৌসিফের সঙ্গে তাঁর সম্পর্ক এখনো আগের মতোই রয়েছে।
এদিকে জোভানের সাম্প্রতিক পোস্টের মন্তব্যের ঘরেও দেখা গেছে সেই ভক্ত-প্রতিদ্বন্দ্বিতার চিত্র। এক ভক্ত জোভানকে নিজের কাছে সেরা বলে মন্তব্য করলে অন্য একজন তৌসিফ মাহবুবকে সেরা দাবি করেন। এভাবেই প্রিয় তারকাকে নিয়ে নিজেদের পছন্দের কথা জানিয়েছেন ভক্তরা।
তবে এই প্রতিদ্বন্দ্বিতাকে জোভান দেখেছেন ভিন্নভাবে। ভক্তদের উদ্দেশে তিনি বোঝাতে চেয়েছেন, তাঁদের পছন্দের তারকাদের মধ্যে বাস্তবে কোনো দ্বন্দ্ব নেই। বরং তাঁরা দীর্ঘদিনের বন্ধু এবং একে অপরকে সম্মান করেন।
পোস্টের শেষাংশে জোভান বিষয়টি আরও সরাসরি তুলে ধরেন। তাঁর বক্তব্যের সারকথা, ভক্তদের মধ্যে যে লড়াই, সেটি তাঁদের নিজেদের; কিন্তু জোভান ও তৌসিফের মধ্যে রয়েছে বন্ধুত্ব ও ভালোবাসা। তাঁরা প্রতিযোগী হিসেবে কাজ করলেও সুযোগ পেলেই একসঙ্গে আড্ডা দেন।