দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মেগাতারকা জুনিয়র এনটিআরের কাঁধে সম্প্রতি একটি সফল আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (১২ আগস্ট) এই অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর লাখ লাখ ভক্তের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে চিন্তার মেঘ সরিয়ে কেআইএমএস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার শতভাগ সফল হয়েছে এবং অভিনেতা এখন সম্পূর্ণ স্থিতিশীল আছেন। অস্ত্রোপচার শেষে ভালোবাসা ও দোয়ার জন্য পরিবার, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘আরআরআর’ খ্যাত এই তারকা।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন জুনিয়র এনটিআর। তিনি লিখেছেন, ভক্তদের অবিরাম প্রার্থনা ও সমর্থন তাঁকে আপ্লুত করেছে। অস্ত্রোপচার চমৎকারভাবে সম্পন্ন করার জন্য পুরো চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, প্রিয়জনদের ভালোবাসাই তাঁর দ্রুত সেরে ওঠার আসল শক্তি।

হাসপাতালের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ত্রোপচার পরবর্তী সুস্থতার জন্য এখন এনটিআরকে একটি নির্দিষ্ট ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চোটের গভীরতা বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে আগামী ছয় থেকে আট সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরমর্শ দিয়েছিলেন। পুরোপুরি স্বাভাবিক ছন্দ ও ফিটনেসে ফিরতে তাঁর প্রায় দুই থেকে তিন মাস সময় লেগে যেতে পারে।

চিকিৎসকদের অনুমতি এবং শারীরিক সুস্থতার ওপর ভিত্তি করে খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরবেন এই অভিনেতা। ভক্তদের এখন সব আগ্রহ প্রশান্ত নীল পরিচালিত এনটিআরের পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘ড্রাগন’-কে ঘিরে। শারীরিক ধকল কাটিয়ে এই অ্যাকশন থ্রিলার ছবি দিয়েই আবারো পর্দায় ধামাকা নিয়ে আসতে প্রস্তুত হচ্ছেন দক্ষিণের এই মহাতারকা।