বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ সংগীত উৎসব ‘কোচেলা ২০২৬’-এর আসর বসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এবারের আসরে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হয়ে আসছেন কানাডিয়ান পপ আইকন জাস্টিন বিবার। দীর্ঘ বিরতি ও শারীরিক অসুস্থতা কাটিয়ে আবারও বড় কোনো লাইভ পারফরম্যান্সের মাধ্যমে মঞ্চে ফিরছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্যমতে, ২০২২ সালে ‘র্যামসে হান্ট সিনড্রোম’-এ আক্রান্ত হওয়ার পর বিবার তাঁর একাধিক কনসার্ট বাতিল করেছিলেন। ওই রোগে তাঁর মুখের এক পাশ অবশ হয়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর অবশেষে ১৮ এপ্রিল উৎসবের দ্বিতীয় ধাপের শোতে তাঁর পারফর্ম করার কথা রয়েছে।
অসুস্থতার মধ্যেও সংগীত থেকে দূরে সরেননি এই শিল্পী। চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। এর সাফল্যের ধারাবাহিকতায় পরে মুক্তি পায় ‘সোয়্যাগ টু’, যা মূলত তাঁকে আবারও মঞ্চে ফেরার আত্মবিশ্বাস জুগিয়েছে।
বিবার ছাড়াও এবারের কোচেলা মাতাতে আসছেন সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস এবং ফ্যাটবয় স্লিম-এর মতো আন্তর্জাতিক তারকারা। আয়োজকরা জানিয়েছেন:
“উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আসরে এক লাখ ছাব্বিশ হাজারের বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে।”
সংগীত ও তারুণ্যের এই মহোৎসবে জাস্টিন বিবারের প্রত্যাবর্তনকে এবারের আসরের সবচেয়ে ‘ইমোশনাল’ ও কাঙ্ক্ষিত মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।