সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে অভিনয়ে এসে দুই বাংলার চলচ্চিত্রে নিজের পরিচিতি তৈরি করেছিলেন জ্যোতিকা জ্যোতি। গ্ল্যামারনির্ভর নায়িকা হওয়ার বদলে গল্পপ্রধান সিনেমা ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যুক্ত হওয়ার পর নানা বিতর্কে জড়ান তিনি। সরকারি চাকরি হারানো থেকে শুরু করে অভিনয়ের কাজ না পাওয়ার অভিযোগ, সবশেষে গ্রেপ্তার হয়েছেন এই অভিনেত্রী।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জ্যোতির বিরুদ্ধে মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার বিস্তারিত বা সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি।

পুলিশ বাসায় যাওয়ার পর ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে নিজেকে নির্দোষ দাবি করেন জ্যোতি। তাঁর অনুরোধ ছিল, যেন তাঁকে হাতকড়া পরানো না হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে

ময়মনসিংহের গৌরীপুরে বেড়ে ওঠা জ্যোতিকা জ্যোতি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে জায়গা পাওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তাঁর যাত্রা শুরু হয়।

২০০৬ সালে কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবনঢুলি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। টেলিভিশন নাটকেও বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন তিনি।

অভিনয়ে প্রশংসা ও পুরস্কার

জ্যোতির অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজ মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটিতে অতসী চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। সংলাপের চেয়ে অভিব্যক্তি ও সংযত অভিনয় দিয়ে চরিত্রটির আবেগ ফুটিয়ে তোলেন জ্যোতি। এই সিনেমায় অভিনয়ের জন্য ২০১৫ সালে বাচসাস পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।

পরে ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাতেও অভিনয় করেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়ার চেষ্টা তাঁর অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য।

কলকাতার সিনেমায় ‘রাজলক্ষ্মী’

বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পান জ্যোতি। প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর বিপরীতে শ্রীকান্ত চরিত্রে ছিলেন ঋত্বিক চক্রবর্তী।

২০১৯ সালে আনন্দবাজার পত্রিকার চলচ্চিত্র সমালোচনায় জ্যোতির অভিনয়ের প্রশংসা করা হয়। চরিত্রটির আবেগ ও পরিবর্তন পর্দায় ফুটিয়ে তোলার পাশাপাশি রাজলক্ষ্মী চরিত্রের জন্য তাঁকে যথাযথ নির্বাচন বলেও উল্লেখ করা হয়েছিল।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যুক্ততা

অভিনয়ের বাইরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন জ্যোতিকা জ্যোতি। দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে কোনোবারই মনোনয়ন পাননি।

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগাযোগের মাধ্যম ছিল ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সরকার পতনের পর সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের বিষয়টি সামনে আসে। ওই গ্রুপের সদস্যদের মধ্যে জ্যোতিকাও ছিলেন।

প্রকাশিত একটি স্ক্রিনশটে আন্দোলনকারীদের নিয়ে জ্যোতির নেতিবাচক মন্তব্যের বিষয়টি আলোচনায় আসে। পরে ফেসবুক লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি দাবি করেন, গ্রুপে থাকার উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য সেখানে জানাতেন বলেও জানান তিনি।

শিল্পকলা একাডেমির চাকরি হারান

২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কর্মস্থলে গেলে ‘আলো আসবেই’ গ্রুপে তাঁর সম্পৃক্ততা নিয়ে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন তিনি। পরে ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

চাকরি হারানোর পর ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে নিজের প্রথম সরকারি চাকরির অবসানের কথা জানান অভিনেত্রী।

অভিনয়ের কাজ না পাওয়ার অভিযোগ

গত ৩ আগস্ট ফেসবুক লাইভে এসে প্রায় দুই বছর ধরে অভিনয়ের কাজ না পাওয়ার অভিযোগ করেন জ্যোতি। রাজনৈতিক পরিচয়ের কারণে নির্মাতা ও প্রযোজকেরা তাঁকে নিয়ে কাজ করতে ভয় পান বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন কাজ না থাকায় আর্থিক সংকটে পড়ার কথাও জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ব্যক্তিগত হয়রানির অভিযোগ তুলে স্বাভাবিক জীবনে ফেরা এবং আবার অভিনয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

সবশেষে ডিবির হাতে গ্রেপ্তার

২০২৪ সালের গণ-অভ্যুত্থান ঘিরে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের কয়েকজনের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া একটি অভিযোগেও জ্যোতির নাম ছিল। চলতি বছরের জুলাইয়ে ২৮ জনের বিরুদ্ধে একটি সংগঠনের জমা দেওয়া অভিযোগে তাঁর নাম উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি কিংবা তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ার তথ্য নেই।

এর মধ্যেই বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।