নতুন পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে হিন্দি সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’। তবে সিনেমার গল্প বা তারকাবহুল অভিনয়শিল্পীদের চেয়ে এবার বেশি আলোচনায় এসেছেন নবাগত অভিনেত্রী কানিকা কাপুর। পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, তাকে দেখতে অবিকল বলিউড তারকা কিয়ারা আদভানির মতো লাগছে।

সম্প্রতি করণ দেওলের সঙ্গে কানিকা কাপুরের নতুন পোস্টার অনলাইনে প্রকাশ করা হয়। পোস্টারটি প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেক নেটিজেন মন্তব্য করেন, প্রথম দেখায় তারা কানিকাকে কিয়ারা আদভানি ভেবেছিলেন।

বিশেষ করে হালকা মেকআপ, মুখের অভিব্যক্তি এবং সামগ্রিক লুকের কারণে অনেকেই ‘শেরশাহ’ সিনেমায় কিয়ারা আদভানির অভিনীত ‘ডিম্পল’ চরিত্রের সঙ্গে কানিকার মিল খুঁজে পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে চলছে আলোচনা ও তুলনা।

তবে বিষয়টি শুধু চেহারার মিলেই সীমাবদ্ধ নেই। নেটিজেনদের একটি অংশ দাবি করছে, পোস্টার তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যাতে কানিকাকে কিয়ারা আদভানির মতো দেখানো হয়েছে। যদিও এ বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বড় পর্দায় এটি কানিকা কাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ অভিষেক হলেও অভিনয়ের জগতে তিনি একেবারে নতুন নন। এর আগে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘এক দুজে কে ভাস্তে ২’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। পাশাপাশি ‘টিপ্পু’, ‘দোনো’ এবং ‘মার্ডারবাদ’-এর মতো বিভিন্ন প্রকল্পেও কাজ করেছেন তিনি।

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘বাটওয়ারা ১৯৪৭’ পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা রাজকুমার সন্তোষী। ছবিটি প্রখ্যাত নাট্যকার আসগর ওয়াজাহাতের বিখ্যাত নাটক ‘জিস লাহোর নাই ভেখ্যা, ও জাম্য এ নাই’ অবলম্বনে নির্মিত হয়েছে।

সিনেমাটিতে করণ দেওল ও কানিকা কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি এবং আলি ফজল। নির্মাতাদের আশা, দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা দর্শকদের জন্য আবেগঘন ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাটওয়ারা ১৯৪৭’। তবে মুক্তির আগেই কানিকা কাপুরের লুক নিয়ে শুরু হওয়া আলোচনা সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।