যশ ও কিয়ারা আদভানি অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর ‘তাবাহি’ গানটি মুক্তির পর থেকেই এতে থাকা অন্তরাঙ্গ দৃশ্য নিয়ে অন্তর্জালে জোর আলোচনা-বিতর্ক চলছে। বিশেষ করে এই গানে কিয়ারা আদভানির উপস্থিতি নিয়ে ট্রল ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে পর্দায় কাজ করার ব্যক্তিগত সীমারেখা নিয়ে মুখ খুলেছেন আরেক জনপ্রিয় দক্ষিণি ও বলিউড অভিনেত্রী
সম্প্রতি পডকাস্টার শুভংকর মিশ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান, পর্দায় অন্তরঙ্গ দৃশ্য বা অস্বস্তিকর পোশাকে কাজ না করাটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ। এই সিদ্ধান্তের কারণেই ক্যারিয়ারে একাধিক বড় প্রজেক্ট বা সিনেমার প্রস্তাব তাঁকে ছেড়ে দিতে হয়েছে।
কাজল বলেন, "আমি সবসময় নিজের নীতি ও ব্যক্তিগত সীমানাকে সম্মান করেছি। যেসব দৃশ্যে আমার অস্বস্তি হয় যেমন অতি-ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি আমি কখনোই সেসব চরিত্রে অভিনয় করিনি। এর জন্য অনেক বড় বড় সুযোগ হাতছাড়া হয়েছে, তবে তাতে আমার কোনো আক্ষেপ নেই।"
মাতৃত্বের পর চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি আরও বদলেছে জানিয়ে চার বছর বয়সী পুত্র নীলের মা কাজল বলেন, "আমি চাই আমার সন্তান বড় হয়ে যখন আমার কাজ দেখবে, তখন যেন সে গর্ব বোধ করে। এমন কিছু আমি করতে চাই না যা দেখে সে বিব্রত হয় বা আমাকে প্রশ্ন তোলে।"
উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে ‘টক্সিক’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে কাজল আগরওয়াল অভিনীত নতুন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ চলতি বছরের ২৪ জুলাই মুক্তি পাবে।