Kajol বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বেশ জেদি এবং কিছুটা বোকা ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত ও বর্তমান কাজের ধরণ নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন এই বলিউড অভিনেত্রী।

কাজল জানান, অভিনয় জীবনের শুরুতে অনেক বিষয় তিনি না বুঝেই সিদ্ধান্ত নিতেন। তবে সময়ের সঙ্গে বুঝতে পেরেছেন, সেই জেদি সিদ্ধান্তগুলোর অনেকগুলোই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতাম এবং তাতে অনড় থাকতাম। আমার এই স্বভাব থাকা সত্ত্বেও দর্শক আমাকে ভালোবেসেছেন, এজন্য আমি কৃতজ্ঞ।’

দীর্ঘ বিরতির পর কাজে ফেরা এই অভিনেত্রী এখন অনেক বেশি বেছে কাজ করতে চান বলেও জানান। তাঁর মতে, শুধু চিত্রনাট্য ভালো হলেই হয় না, সহকর্মীরাও কেমন মানুষ, সেটাও সমান গুরুত্বপূর্ণ।

কাজল বলেন, ‘যাদের সঙ্গে সহজে মেলামেশা করা যায়, আমি তাদের সঙ্গেই কাজ করি। কারণ শুটিং সেটে টানা অনেকদিন একসঙ্গে থাকতে হয়। মানুষগুলো ভালো না হলে সেই সময়টা পার করা কঠিন হয়ে পড়ে।’

সর্বশেষ ‘মা’ ছবিতে দেখা যাওয়া এই অভিনেত্রী জানান, বর্তমানে বেশ কিছু নতুন চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে দু-তিনটি ছবির কাজও শুরু হয়েছে। তবে এখনই নির্দিষ্ট করে কোনো প্রকল্পের নাম প্রকাশ করতে চাননি তিনি।