ভারতের জেন-জি প্রজন্মের আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন শহরে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনকারীদের ভাষা, আচরণ ও অনলাইন কনটেন্টকে কড়া ভাষায় আক্রমণ করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা আন্দোলনকারীদের ইনস্টাগ্রাম রিলস ও পোস্টকে ‘বমি আসার মতো’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ভাষা ও আচরণ অত্যন্ত কুরুচিপূর্ণ। একপর্যায়ে তিনি পুরো জেন-জি প্রজন্মকে ‘জেনারেশন গাটার’ বা ‘ড্রেনের প্রজন্ম’ এবং ‘আবর্জনার প্রজন্ম’ বলে আখ্যা দেন। নারী আন্দোলনকারীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন এই অভিনেত্রী।

কঙ্গনার এসব মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কংগ্রেস নেতা ভাই জাগতাপ শিক্ষার্থীদের ওপর পুলিশি আচরণ নিয়ে কঙ্গনার নীরবতা প্রশ্নবিদ্ধ করেন। অন্যদিকে এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান তাঁর বক্তব্যকে নিন্দনীয় উল্লেখ করে জেন-জি প্রজন্মের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় আন্দোলনের ধরন এবং রাজপথে বিক্ষোভের কৌশল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত।