বয়সের ছাপ লুকাতে বোটক্স বা প্রসাধনী অস্ত্রোপচারের আশ্রয় নিতে চান না বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে ‘মোজো স্টোরি’র এক সাক্ষাৎকারে সৌন্দর্যচর্চা ও বয়স নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
বোটক্স ও কসমেটিক প্রসিডিউর নিয়ে প্রশ্নের জবাবে কারিনা বলেন, তিনি বোটক্সের ঘোর বিরোধী। নিজের যত্ন নেওয়ার পক্ষে থাকলেও তা স্বাস্থ্যকর ও প্রাকৃতিক উপায়ে হওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী।
কারিনার মতে, নিজের যত্ন নেওয়া মানে শুধু ত্বকের সৌন্দর্য ধরে রাখা নয়। এর সঙ্গে মানসিক প্রশান্তি, প্রতিভার বিকাশ এবং কাজের বাইরেও সুন্দর জীবন উপভোগ করার বিষয় জড়িত। বয়স বাড়ার সঙ্গে মানুষের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত।
তরুণীদের মধ্যে বয়স নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রবণতাও উদ্বেগজনক বলে মনে করেন তিনি। কারিনা জানান, চল্লিশের ঘরে এসে জীবনের সবচেয়ে ভালো সময় উপভোগ করছেন। এই বয়সে নিজের আত্মবিশ্বাস ও অভিনয়ের পরিপক্বতাও বেড়েছে বলে মনে করেন অভিনেত্রী।
প্রায় আড়াই দশকের অভিনয়জীবনে ‘কাভি খুশি কাভি গাম’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন কারিনা। সাম্প্রতিক সময়ে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে দেখা গেছে তাঁকে।