অভিনয়ে দীর্ঘদিন ধরে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। অবসর সময়ের বড় অংশ কাটে তাঁর ভ্রমণে। কখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে।
সোমবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন প্রভা। কালো পোশাক ও সানগ্লাসে তোলা ছবিগুলোতে দেখা যায়, শ্রীলঙ্কার বিখ্যাত নাইন আর্চ ব্রিজে ঘুরে বেড়াচ্ছেন তিনি। দেশটির পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক এই সেতুর ওপর বসে, দাঁড়িয়ে এবং সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন অভিনেত্রী।
জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কা ভ্রমণে যান প্রভা। ৩০ অক্টোবর সেখানকার একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তায় একা ভ্রমণের অভিজ্ঞতা জানান তিনি। প্রভা বলেন, তাঁর বন্ধুরা বেশি হাঁটাহাঁটি করতে চান না। তাই তাঁদের নানা অজুহাতের অপেক্ষায় না থেকে একাই ঘুরতে বের হন। তাঁর মতে, সুন্দর জায়গায় গেলে একা ভ্রমণেও বিরক্তি আসে না।