অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৮ মে) রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রবিবারও তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলে জানিয়েছে পরিবার।

কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। এ জন্য ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনা কায়সার এর শারীরিক জটিলতা কিছুটা বেড়েছে। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। একপর্যায়ে তার রক্তচাপও কমে গিয়েছিল বলে জানা গেছে।

এর আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। কয়েক দিন ধরে অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় জানা যায়, তিনি হেপাটাইটিস এতে আক্রান্ত হয়েছেন এবং শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছে।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তার সুস্থতার জন্য পরিবার, সহকর্মী ও ভক্তরা প্রার্থনা করছেন।