হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সারের স্মরণে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি

প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চরকি কার্নিভাল’। এই আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলোর মধ্যে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে।

এরই মধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেখানে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ফিমেল) বিভাগে মনোনীত হয়েছিলেন কারিনা কায়সার। তবে তার আকস্মিক মৃত্যুর কারণে তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেদওয়ান রনি জানিয়েছেন, কারিনার কাজগুলো তাকে প্রতিযোগিতার ঊর্ধ্বে নিয়ে গেছে। তাই তাকে এবারের প্রতিযোগিতা থেকে আলাদা করে বিশেষভাবে সম্মান জানানো হবে।

এবারের চরকি অ্যাওয়ার্ডসে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা ছবির তালিকায় রয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’। পাশাপাশি সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ ও গানসহ বিভিন্ন বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে।

চরকির ওয়েবসাইটে দর্শকেরা পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন। ভোটগ্রহণ ইতোমধ্যেই শুরু হয়েছে।