বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান শুটিং সেটে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন। পরিচালক কবীর খানের একটি নতুন স্পোর্টস-ড্রামা সিনেমার শুটিং চলাকালে হাঁটুতে গুরুতর চোট পান এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, মুম্বাইয়ে সিনেমাটির শুটিংয়ের শেষ দিনে কিকবক্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সে অংশ নেন কার্তিক। দৃশ্যটি শুট করার মুহূর্তেই তিনি হাঁটুতে তীব্র আঘাত পান। আঘাতের গুরুত্ব বিবেচনা করে তাঁকে দ্রুত মুম্বাইয়ের মাহিমের ফোর্টিস রাহেজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানানো হয়েছে, দ্রুত সুস্থতার জন্য এক দিনের মধ্যে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা লাগতে পারে।

বাস্তব জীবনের কিকবক্সার তাজামুল ইসলামের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমায় কাশ্মীরের এক কিশোরীর কোচের ভূমিকায় দেখা যাবে কার্তিককে। চলচ্চিত্রটি অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন তিনি; তাঁর নিজস্ব সংস্থা ডোপামিন স্টুডিওস এবং কবীর খান ফিল্মস যৌথভাবে ছবিটি নির্মাণ করছে। উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর পর কবীর খানের সাথে এটি তাঁর দ্বিতীয় প্রজেক্ট, যা তাঁর ক্যারিয়ারে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছিল।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠতে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। সুস্থ হয়ে ওঠার পর অনুরাগ বসুর পরিচালনায় শ্রীলীলার বিপরীতে একটি রোমান্টিক চলচ্চিত্রে যুক্ত হওয়ার কথা রয়েছে তাঁর। দুর্ঘটনার পর থেকে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে কার্তিকের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।