সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘বাউন্স ব্যাক? ফ্রম হোয়ার?’ অর্থাৎ ‘ফিরে আসব? কোথা থেকে?’ প্রশ্ন তুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ২৮ অক্টোবর প্রকাশিত ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ প্রতিবেদনে মাতৃত্ব, নিজের শরীর, স্বামী ভিকি কৌশল এবং অভিনয়জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
উৎসবের ছবি ঘিরে শুরু কটাক্ষ
গত ১৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর দীর্ঘ বিরতি শেষে জনসমক্ষে তাঁর এই উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। তবে উৎসবের সাজের চেয়ে বেশি আলোচনায় আসে তাঁর শারীরিক পরিবর্তন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ক্যাটরিনার আগের ও সাম্প্রতিক ছবির তুলনামূলক কোলাজ। কেউ তাঁর ওজন নিয়ে মন্তব্য করেন, আবার কেউ তাঁর চেহারার পরিবর্তনের সঙ্গে ক্যারিয়ারের ভবিষ্যৎকে জুড়ে দেন।
এমন মন্তব্যের প্রতিবাদও জানিয়েছেন অনেকে। বিশেষ করে সন্তান জন্মের পর একজন নারীর শরীর নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন নারী। তাঁদের মতে, মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন স্বাভাবিক একটি বিষয়। এ নিয়ে কাউকে বিচার করার অধিকার অন্যদের নেই।
নিজের শরীর নিয়ে কী বললেন ক্যাটরিনা?
ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, সন্তান জন্মের পর তাঁর শরীর নিয়ে মানুষের মন্তব্য যেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত না হয়, সেটিই চান তিনি। মাতৃত্বের এই সময় উপভোগ করার পাশাপাশি নিজের সুস্থতা ও কর্মক্ষমতার দিকেও নজর রাখছেন অভিনেত্রী। তবে অন্যের প্রত্যাশা পূরণ করতে নয়, নিজের সুবিধা ও গতির সঙ্গে তাল মিলিয়েই এগোতে চান তিনি।
ক্যাটরিনার কথায়, তিনি নিজের ফিটনেস সম্পর্কে সচেতন। তাঁর শরীর কখন সবচেয়ে বেশি কর্মক্ষম ও উদ্যমী বোধ করে, সেটিও জানেন। তাই নিজের গতিতেই কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে চান তিনি। অন্যের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী নিজেকে বদলে ফেলার কোনো তাড়া নেই তাঁর।
অভিনেত্রীর কাছে সন্তান ছিল জীবনের গভীর একটি আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পর এখন জীবনের এই নতুন অধ্যায়ের আনন্দ উপভোগ করতে চান তিনি। চেহারা নিয়ে মানুষের আলোচনা যেন মাতৃত্বের অভিজ্ঞতাকে আড়াল করে না দেয়, সে বিষয়েও সচেতন ক্যাটরিনা।
ভিকি কৌশল কেমন বাবা?
সাক্ষাৎকারে স্বামী ভিকি কৌশলকে নিয়েও প্রশংসা করেছেন ক্যাটরিনা। তাঁর মতে, ভিকি শুধু একজন ভালো স্বামীই নন, ছেলেরও অসাধারণ বাবা। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে তাঁর উপস্থিতি ক্যাটরিনার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
ভিকির একটি বিশেষ গুণের কথা উল্লেখ করে ক্যাটরিনা জানিয়েছেন, স্ত্রী ও ছেলের সঙ্গে থাকলে ভিকি পুরোপুরি তাঁদের সঙ্গেই সময় কাটান। কাজের ব্যস্ততা পাশে সরিয়ে রেখে পরিবারের মুহূর্তগুলোতে মনোযোগ দিতে পারেন তিনি।
সন্তান আসার পর বদলে গেছে তাঁদের একান্ত সময় কাটানোর ধরনও। আগে রোমান্টিক ডিনার কিংবা একসঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করা গেলেও এখন সেই সময়গুলো অনেকটাই সীমিত। কখনো গাড়ির পেছনের আসনে বসেই একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়। ছোট ছোট এসব মুহূর্তই এখন তাঁদের কাছে বিশেষ হয়ে উঠেছে।
ক্যাটরিনার কথায়, ভিকি তাঁকে প্রায়ই মনে করিয়ে দেন, সবকিছুরই নিজস্ব সময় রয়েছে। মাতৃত্ব থেকে শুরু করে ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়ে ফেরা, সব ক্ষেত্রেই এই ভাবনাকে গুরুত্ব দিতে চান অভিনেত্রী।
এখনই সিনেমায় ফিরছেন না ক্যাটরিনা
মাতৃত্বের পাশাপাশি নিজের অভিনয়জীবনের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ক্যাটরিনা। আপাতত সিনেমায় ফেরার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই তাঁর। নতুন কোনো চরিত্রে অভিনয়ের আগে এমন কিছু করতে চান, যা তাঁকে অভিনয়ের নতুন স্তরে পৌঁছে দেবে।
এবার বিশেষভাবে খলনায়িকার চরিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক, অ্যাকশন ও কমেডি ঘরানার বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাঁকে। এবার নেতিবাচক চরিত্রের জটিলতা ও ভিন্নধর্মী অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি। তবে কবে আবার বড় পর্দায় ফিরবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু জানাননি ক্যাটরিনা।